সাখাওয়াত হোসেন সোহান : রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় একটি মারামারি মামলার সাক্ষী হওয়ায় মোঃ মামুন মণ্ডল (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মামুন মণ্ডল দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা এলাকার আফছার মণ্ডলের ছেলে। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগে গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১ আগস্ট ওলিউর রহমান শেখের ওপর হামলা চালায় স্থানীয় মোঃ জিয়াউর রহমান শেখ (৪০), রিপন শেখ (২৮) সহ অন্যান্যরা। হামলায় ওলিউর রহমান শেখ ও তাঁর স্ত্রী পারভীন বেগম মারাত্মক জখম হয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনার পর ওলিউর রহমানের বড় মেয়ে হোসনে আরা তিশা (২০) বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় এজাহার দায়ের করলে মামলাটি (এফআইআর নং-০২) রুজু হয়। এ মামলায় মোঃ মামুন মণ্ডলকে বাদীপক্ষের সাক্ষী করা হয়।
মামলায় সাক্ষী হওয়ার পর থেকে প্রধান বিবাদী জিয়াউর রহমান শেখ সাক্ষী মামুন মণ্ডলকে উদ্দেশ্য করে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, “তুই যদি আদালতে সাক্ষী দিতে যাস, তবে তোকে খুন করে লাশ গুম করে দেব এবং তোর পরিবারের সদস্যদেরও মেরে ফেলব।”
হুমকির বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত জিয়াউর রহমানের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন