দৌলতদিয়ায় ৪ লক্ষ টাকার ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৩ দিন আগে

রুবেলুর রহমান : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৪ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী নাজমা বেগম (৪০) চুয়াডাঙ্গা দর্শনার ইস্তানপুর ভাটাপাড়ার আমির হোসেনের মেয়ে।
গত বৃহস্পতিবার (৬ আগষ্ট) রাত ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় অভিযান পরিচলনা করে ফরিদপুর র‌্যাব-১০ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। অভিযানে ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টাকা। এসময় তার নিকট হতে একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নাজমা বেগম কুষ্টিয়া সদর থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামী।
র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করাসহ গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে শুক্রবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।