ক্যাডেট কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ সাংবাদিকপুত্র তাহসিনের কৃতিত্ব

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

মোঃ আমিরুল হক : এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ১৭৯ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে স্থানীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি ইমদাদুল হক রানার ছেলে এহসানুল হক তাহসিন। ঐতিহ্যবাহী ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে এ অসামান্য সাফল্য অর্জন করেছে।
তাহসিনের কৃতিত্বে রাজবাড়ীর সাংবাদিক সমাজ, শিক্ষক, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার সাফল্যে পরিবারেও বইছে আনন্দের আবহ। মা জুলেখা ছেলের এমন সাফল্যে আনন্দিত ও গর্বিত।
শৈশব থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী তাহসিন। তার শিক্ষাজীবনের শুরু বহরপুরের ‘অক্সফোর্ড আইডিয়াল স্কুল অ্যান্ড একাডেমি’তে। প্রাথমিক শিক্ষা জীবনে সে নিয়মিতভাবে শ্রেণিতে প্রথম স্থান অধিকার করত। পরবর্তীতে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ভর্তি হয়।
সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ লাভ করে তাহসিন। এরপর ক্যাডেট কলেজের কঠোর নিয়ম-শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলে সে। পড়াশোনার পাশাপাশি একজন আদর্শ, সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রত্যয় রয়েছে তার।
পরিবারের সদস্যরা জানান, তাহসিনের এই সাফল্যের পেছনে পরিবারের উৎসাহ, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং তার নিজের কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায় তাহসিন।
তাহসিনের দাদা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মালেক মাস্টার ও দাদি অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোছা. রাবেয়া খানম নাতির এ সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা তাহসিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা—সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রেখে এহসানুল হক তাহসিন ভবিষ্যতে আরও বড় অর্জন করবে। তার মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে এমন প্রত্যাশা সবার।