বালিয়াকান্দিতে পেঁয়াজ পচা নিয়ে বিরোধের জেরে দুইজনকে মারধরের অভিযোগ

লেখক:
প্রকাশ: ১ মাস আগে


মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী এলাকায় পেঁয়াজ পচা নিয়ে বিরোধের জেরে দুই ব্যক্তিকে মোটরসাইকেল থামিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবুল হোসেন মোল্লা নামে এক ব্যক্তি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের খোরশেদ আলী মোল্লার ছেলে আবুল হোসেন মোল্লা (৪০)। তাঁর ছেলে মো. সবুজ মোল্লা (৩৫) বেরুরী বাজারে পেঁয়াজের আড়তে কাজ করেন। গত কয়েকদিন আগে পেঁয়াজ পচা থাকার বিষয়টি নিয়ে ওই আড়তের এক ব্যক্তির সঙ্গে বিবাদীদের একজনের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাজার কমিটি বিষয়টি মিমাংসা করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ১২ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে অভিযোগে উল্লিখিত কয়েকজন ব্যক্তি একত্র হয়ে খোরশেদ আলী মোল্লার ছেলে মোঃ ওবায়দুর রহমান (৫৫) এবং আব্দুল হামিদ মোল্লার ছেলে মো. মেহেদী হাসান (৪৫) কে মোটরসাইকেলের গতিরোধ করেন। এরপর তাদের মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে আহত ওবায়দুর রহমান ও মেহেদী হাসানকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আবুল হোসেন মোল্লা বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে।