কালুখালীতে জাতীয় মৎস্য পক্ষ’র শুভ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

আদম আলী : “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ (১৬-৩০ আগস্ট)-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটি ও কালুখালী উপজেলা মৎস্য বিভাগের যৌথ আয়োজনে এ উপলক্ষ্যে শোভাযাত্রা, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা সমবায় অফিসার মোঃ আঃ জব্বার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফিরোজ আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুল ইসলাম সবুজ এবং রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আঃ মতিন মাস্টার প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।