স্টাফ রিপোর্টার : “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে বেলুন উড়িয়ে ও মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি র্যালী। র্যালীটি প্রধান সড়ক ঘুরে একই স্থানে ফিরে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মৎস্যজীবি প্রতিনিধি ইউনুস মন্ডল।
এ সময় জেলার মৎস্যখাতে বিশেষ ভুমিকা রাখায় জেলার পাঁচজন মৎস্যজীবিকে বিশেষ সম্পাননা স্মারক প্রদান ও মৎস্যখাত উন্নয়নের সঠিক তদারকি করার দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সম্মাননা প্রদান করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণে আইন প্রয়োগের পাশাপাশি জেলেদের সচেতনতা বৃদ্ধি ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে মৎস্য উৎপাদন আরও বাড়বে। আমরা আশাবাদী।
সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে জাতীয় মৎস্য পক্ষের এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ করা সম্ভব।
মৎস্য পক্ষের উদ্বোধন অনুষ্ঠানে জেলার মৎস্যজীবীদের পক্ষ থেকে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়, মাছের টেকসই উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল হক বাসসকে জানান, চলতি বছরে রাজবাড়ী জেলায় ৩৩ হাজার ২৫২ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে। জেলার বার্ষিক মাছের চাহিদা ২৪ হাজার ৮৩৪ মেট্রিক টন। ফলে উৎপাদন চাহিদার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি মাছ উৎপাদিত হয়েছে।
তিনি জানান, গত বছর জেলার ২৯৫ জন জেলেকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া ৮ হাজার ৭৬৫ জন জেলেকে ৬৫৯ মেট্রিক টন খাদ্য এবং ৪৫০ কেজি রেণু পোনা বিতরণ করা হয়েছে।
মৎস্য কর্মকর্তা আরও জানান, মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণে পদ্মা নদীতে নিয়মিত বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ফলে জেলায় ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, ব্যানারে পক্ষকালব্যাপী অনুষ্ঠানের কথা উল্লেখ রয়েছে। তবে তাঁদের কাছে তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা রয়েছে। এই সময়ের মধ্যে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন