
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা এলাকায় ফারুক শেখ (৪৬) নামে একজন চা দোকানীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর ৪ নম্বর ওয়ার্ডের খালেক শেখের ছেলে।
শনিবার (২২ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে তার নিজ বসত বাড়ির ঘরের মধ্যে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক ও তার ভাই দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান করতো। শনিবার ফারুক দোকানে যায়নি। সকালে স্থানীয় বাজার থেকে নাস্তা করে এসে নিজের রুমে অবস্থান করছিলো। দুপুরে তার বাবা খাবার নিয়ে রুমে আসলে বিছানায় ওপর ফারুকের গলা ও হাত-পা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। সে সময় তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফারুকের বাবা খালেক শেখ বলেন, তার ছেলে বারেক শেখ খাবার নিয়ে এসে দেখে ঘরের মধ্যে গলা, হাত, পা কাটা মরদেহ। তার চিৎকার চেচামেচিতে আশেপাশের লোকজন জড়ো হলে তারা পুলিশের খবর দেয়।
ফারুকের ভাই বারেক শেখ বলেন, তারা দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান করতো। যখন যে দোকান করতো একটানা চারদিন করতো। গত শুক্রবার তার ডিউটি শেষ হয়েছে। শনিবার দুপুরে যখন বাড়ি এসে খাবার নিয়ে আসলে তার ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখেন। এ সময় তিনি কাউকে দেখতে পাননি বলে জানান।
জামতলার হোটেলের জীবন শেখ বলেন, শনিবার সকাল সাতটায় তার দোকান থেকে নাস্তা খেয়ে বাড়ি গেছে। সে সময়ের পর আর কিছু জানেন না। নিহত পরিবারের সাথে কথা বলে জানাযায় নিহত ফারুক ৬-৭ টি বিয়ে করেছে টাঙ্গাইল এবং দৌলতদিয়ায়। তাদের কেউ তার সাথে থাকে না।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে তারা ঘটনা স্থলে এসেছেন। লাশের গলা এবং হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনা স্থলে সিআইডি টিম আসতেছে। ঘটনা তদন্তের পর সব জানা যাবে।
