স্টাফ রিপোর্টার : শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করার লক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলার পাতুরিয়া গ্রামে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের (আরএসইউএফ) উদ্যোগে ছাত্রবৃত্তি, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় পাতুরিয়া গ্রামে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীসহ মোট ২১২ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি, সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আরএসইউএফের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষাই পারে একটি জাতিকে এগিয়ে নিতে। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সভাপতি ও পরিচালক মোঃ জাহিদুল ইসলাম বলেন, “আমরা চাই পাতুরিয়ার কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে। ভবিষ্যতে বৃত্তির পরিধি আরও বাড়ানো হবে। আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন।”
অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন