মানুষকে শান্তি দেওয়াই আমাদের সরকারের কাজ : সংস্কৃতি প্রতিমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

রুবেলুর রহমান : সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সম্পর্কে জানতে ও চর্চা করতে বছরব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরমাধ্যমে বাংলাদেশে সাংস্কৃতিক বিপ্লব হবে।
তিনি বলেন, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে এই দেশে শান্তিতে বাস করতে পারি সেই কাজটা করতে হবে। মানুষকে শান্তি দেওয়াই আমাদের সরকারের কাজ। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন এখানে কোন ভেদাভেদ চলবে না। সে যে ধর্মের বা গোষ্ঠীর হোক না কেন এর মধ্যে কোন বিভাজন তৈরি করা যাবে না। আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। সেই জন্য আমাদের প্রাণের খোরাক সঙ্গীত, কবিতা, নৃত্য, নাটকসহ সমস্ত কিছুকে সুস্থ ভাবে তৈরি করতে হবে। সুস্থ সাবলীল, গণমুখী সংস্কৃতি তৈরি করতে চাই । যেটা মানুষের মনকে স্বস্তি দেবে এবং মানুষ হিসাবে গড়ে তুলবে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানে নজরুল বর্ষ উপলক্ষে র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এসব কথা বলেন।
এ সময় নজরুলের উপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও এক্রোবেটিক শো প্রদর্শন করা হয়। এরআগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে এসে শেষ হয়। এসময় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল –হাসান সহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতাকর্মী, সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।