গোয়ালন্দে কাব স্কাউট ব্যাজ কোর্স প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ স্কাউটস, গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে কাব স্কাউটদের পারদর্শিতা ব্যাজ কোর্স প্রশিক্ষণ ও শাপলা কাব প্রস্তুতিমূলক প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উজান চর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,স্কাউটিং শিশু-কিশোরদের শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অংশগ্রহণকারী কাব স্কাউটদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৪১ জন কাব স্কাউট অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে স্কাউটের সার্বিক আলামত,পারদর্শিতা ব্যাজ অর্জনের নিয়মাবলি,পদমর্যাদা ব্যাজ,শাপলা কাব অ্যাওয়ার্ড, নেতৃত্ব বিকাশ, দলগত কার্যক্রম,শৃঙ্খলা ও সেবামূলক কর্মকাণ্ড বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষকবৃন্দ।
আয়োজকরা জানান,এ প্রশিক্ষণের মাধ্যমে কাব স্কাউটদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং তারা শাপলা কাব অর্জনের জন্য আরও প্রস্তুত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ,মানবিক মূল্যবোধ ও সমাজসেবার মনোভাব গড়ে উঠবে।
অনুষ্ঠানে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান খান, বাংলাদেশ স্কাউটসের গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উজান চর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবর আলী স্কাউটার,কাব লিডার ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।