পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মনিরা খাতুন পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী। এ ঘটনায় তাঁর তিন বছর বয়সী ছেলে ইভান গুরুতর আহত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরা খাতুনের ছেলে ইভান বাড়ির পাশের রেললাইনের উপর ছাতা হাতে বসে ছিল। হঠাৎ ট্রেন আসার শব্দ শুনে ছেলেকে বাঁচাতে মনিরা খাতুন ছুটে যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ইভানকে উদ্ধার করে স্থানীয়রা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, ছোট সন্তানকে বাঁচাতে গিয়ে ওই মাহিলার মৃত্যু হয়েছে। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।