আধিপত্য বিস্তার নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত-১০

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বসির আহাম্মেদ ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় দুই পক্ষের ২৫ থেকে ৩০টি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বগুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মতো দলিলপুর গ্রামেও দীর্ঘদিন ধরে দুটি সামাজিক পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি দলভাঙা-গড়ার কারণে সেই বিরোধ আরও তীব্র হয়েছে। গ্রামের একটি পক্ষ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলামকে এবং অপর পক্ষ জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান দীপুকে সমর্থন করছে। এ নিয়ে কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
স্থানীয়রা জানান, শনিবার সকালে দীপু সমর্থক রতন শেখ মাঠে ধানক্ষেতে সার দিতে গেলে জামিরুল ইসলামের সমর্থকরা তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে জড়ো হয়। পরে ঢাল-সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের ৮ থেকে ১০ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে উভয় পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
দীপু সমর্থক রতন শেখ, হাবিব শেখ, নায়েব আলী, স্বপন শেখ ও শহীদ শেখসহ কয়েকজনের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। অপরদিকে জামিরুল সমর্থক আইয়ুব শেখ, আতিয়ার রহমান, আবু বক্কর শেখ, আকুল শেখ, বকুল শেখ ও মনোয়ার হোসেনসহ কয়েকজনের বাড়িতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।