আদম আলী : রাজবাড়ীর কালুখালীতে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক পলাশ হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ্, উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ারুল ইসলাম পাইলটসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের তথ্যমতে, রাজস্ব বাজেটের এ কর্মসূচির আওতায় উপজেলার ৪৮৫.৬০ হেক্টর আয়তনের ৯টি নির্বাচিত জলাশয়ে ৩০০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে উপজেলা পরিষদ পুকুরে ৫০ কেজি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে ২০ কেজি, গজারিয়া বিলে ৬০ কেজি, চরনারায়ণপুর বিলে ৩০ কেজি, ঠাকুর বিলে ৫০ কেজি, চন্ডিপুর বিলে ৩০ কেজি, ফাল্টাবিলে ৪০ কেজি, নৌছিবিলে ২০ কেজি এবং মহেশখালী বিলে ৩০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। উন্মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন