
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া যুব সমাজের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কয়েক বছর পর এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে ঢল নামে বালিয়াকান্দি উপজেলা ও রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক হাজার নারী-পুরুষ দর্শনার্থী।
প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ জমারত শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নৌকা বাইচের উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। পরে বালিয়াাকন্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নামজুল শেখ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছিল। প্রতিযোগিতায় সুসজ্জিত ছয়টি নৌকা অংশগ্রহণ করে। বাদ্য বাজিয়ে জারি-সারি, লোকগীতির তালে তালে মাঝি-মাল্লারা সজোরা বৈঠা চালিয়ে শেষ প্রান্তে এগিয়ে আসেন বিশেষ স্থান পাওয়ার প্রত্যাশায়।
প্রতিযোগিতায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়-হিজলি গ্রাম থেকে আসা ‘ বাংলার দুলদুল’ প্রথম স্থান, জামালপুর ইউনিয়নের ‘ আব্দুল মান্নানের নৌকা’ দ্বিতীয় স্থান ও রাসেল ফকিরের নৌকা তৃতীয় স্থান অধিকার করেন।
প্রথম স্থান অধিকারী নৌকার মাঝিদের ফ্রিজ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা নৌকাকে টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, গ্রাম বাংলার এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এখানে এসে সত্যি আমার খুব ভালো লেগেছে। বিলের মধ্যে এত দর্শনার্থী নৌকা বাইচ দেখতে আসছে। জেলায় ইতিহাস-ঐতিহ্য রক্ষায় জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
