ফজলুল হক : রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলমডাঙ্গা ও জামালপুর এলাকার মধ্যবর্তী আমজাদ মণ্ডলের বাড়ি থেকে সাওরাইলের গনি ডাক্তারের বাড়ি পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মাণ ও সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী । দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
রাস্তার কোড নম্বর ৫০৬৭ এবং এর দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৯০০ মিটার। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা আলমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে। পাশাপাশি কৃষিপ্রধান এ অঞ্চলের কৃষকেরা তাদের কর্তনকৃত বিভিন্ন ফসল ঘরে নেওয়ার জন্য রাস্তাটি ব্যবহার করে।
এলাকাবাসী জানান, বর্ষাকালে রাস্তার বিভিন্ন অংশ কাদায় পরিণত হওয়ায় চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। এই রাস্তার আশপাশে দুটি মসজিদ থাকায় মুসল্লিরাও বৃষ্টি ও কাদার মধ্যে নামাজ আদায়ের জন্য মসজিদে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্ষা মৌসুমে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং শিক্ষার্থী, কৃষক, মুসল্লিসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়।
তারা বলেন, এটি শুধু একটি গ্রামের রাস্তা নয়; এলাকার শিক্ষা, কৃষি, ধর্মীয় কর্মকাণ্ড ও সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে জড়িত একটি জনপথ। দ্রুত বাস্তব পদক্ষেপের মাধ্যমে রাস্তাটি কার্পেটিং ও সংস্কার করা প্রয়োজন।
স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, জনগণের দুর্ভোগের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে ১ হাজার ৯০০ মিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটির কার্পেটিং কাজ বাস্তবায়ন করা দরকার।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান। পরিদর্শনকালে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং রাস্তাটির বেহাল অবস্থার কারণে সৃষ্ট জনদুর্ভোগের চিত্র প্রত্যক্ষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ রেজাউল করিম, কালুখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান আলী মাস্টার, সাওরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবর মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক লিটু মৃধা, বাবন বিশ্বাস, ওমর আলীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ।
স্থানীয়দের একটাই দাবি—জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার ও কার্পেটিং কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন