স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে আদালতের ১৪৪ ধারা অমান্য করে জমিতে বালি ফেলে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের আব্দুস সালাম মোল্লার মেয়ে সুফিয়া বেগম বাদী হয়ে গত ৬ সেপ্টেম্বর রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে তেঁতুলিয়া গ্রামের মোঃ আজিজ প্রামানিকের ছেলে রওশন আলী ফরহাদ, মোঃ সেলিম প্রামানিক, আজিজুল ইসলামের ছেলে হাবিব ও আজিজ প্রামানিককে বিবাদী করে মামলা দায়ের করেছে।
সুফিয়া বেগম মামলার অভিযোগে বলেন, তার পিতা আব্দুস সালাম মোল্লা বিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে ১৯৮৮ সালের ১৭ মে ২২৩৭ নং এবং ১৯৯৮ সালের ২ মার্চ ৯৯১ নং কবলা দলিলমূলে ক্রয় করেন। পিতার মৃত্যুর পর তার ভাই-বোনরা জমিতে বসতবাড়ী নির্মাণ ও গাছপালা রোপন করে ভোগদখলে আছেন। জমিটি দখল করার পয়তারা করে আসছে তেঁতুলিয়া গ্রামের মোঃ আজিজ প্রামানিকের ছেলে রওশন আলী ফরহাদ, মোঃ সেলিম প্রামানিক, আজিজুল ইসলামের ছেলে হাবিব ও আজিজ প্রামানিক। গত ২৯ আগস্ট সকাল ১০টায় তারা বিভিন্ন লোকজন নিয়ে জোড়পুর্বক দখল করতে যায়। স্থানীয় লোকজনের বাধার মুখে খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় ১৪৪-১৪৫ ধারায় মামলা দায়ের করলে বিচারক শান্তি-শৃঙ্খলা রক্ষায় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ও এসিল্যান্ডকে সরেজমিন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ নিয়ে বালিয়াকান্দি থানার এএসআই মোঃ মাহফুজ আহম্মেদ উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষায় নোটিশ প্রদান করেন।
বুধবার দুপুরে সরেজমিন গিয়ে দেখাযায়, জমিতে থাকা গাছপালা কেটে সরিয়ে ফেলা হয়েছে। নিচু জমিতে বালি ফেলে ভরাট করা হচ্ছে। বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কের পাশে টিনের ছাপড়া ঘর উত্তোলন করা হচ্ছে।
অভিযুক্ত রওশন আলী ফরহাদ, হাবিব ও সেলিম প্রামানিক বলেন, আমরা ১৭.৮৭৫ শতাংশ জমি ক্রয় করেছি। ক্রয়কৃত জমিতে বালি দিয়ে ভরাট করছি। ১৪৪ ধারা অমান্য করে কাজের বিষয়ে বলেন, কাজ করতে কোন নিষেধাজ্ঞা নেই। ক্রয়কৃত জমি তাই কাজ করছি।
বালিয়াকান্দি থানার এএসআই মোঃ মাহফুজ আহম্মেদ বলেন, উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নোটিশ প্রদান করা হয়েছে। কাজের বিষয়ে আমার কিছু জানা নেই।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন