সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরস্থ দেওয়ান পাড়া রহমত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দের আয়োজনে এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের প্রভাষক এবিএম জিয়াউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রবসহ সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইফুল হুদা বলেন, একজন ভালো শিক্ষার্থী হয়ে উঠতে একটি উপযুক্ত প্ল্যাটফর্মের প্রয়োজন, যা এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য তৈরি করেছে। তিনি বিদ্যালয়ের ফলাফল ও শিক্ষার্থীদের উপস্থিতির প্রশংসা করেন।
তিনি আরও বলেন, উপজেলার যেসব শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সামগ্রী ও বাদ্যযন্ত্রের অভাবে পিছিয়ে আছে, সেগুলোকে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হবে।
তিনি কৃতি শিক্ষার্থীদের উদাহরণ হিসেবে তুলে ধরে অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।
অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ইউএনও শিক্ষা খাতের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সবার সুস্বাস্থ্য ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন