
মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম বালিয়াকান্দি প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বালিয়াকান্দি প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমে কর্মরতরা অংশ নেন। সভায় উপজেলার উন্নয়ন, জনসেবা, প্রশাসনিক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিয়ার রহমান আতিক, সহ-সভাপতি শহিদুল আলম মিয়া মিলন, মোঃ আমিরুল হক, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, কোষাধ্যক্ষ মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাথি বেগম প্রমুখ।
মাদারীপুর জেলার বাসিন্দা সৈয়দ মুরাদ ইসলাম ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম বলেন, “আমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। দায়িত্ব পালনকালে উপজেলার সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
