বৃষ্টিতে কাদাময় সড়ক, নিজস্ব অর্থায়নে সংস্কার করলেন বিএনপি নেতা সুমন

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

মোঃ আমিরুল হক : বৃষ্টিতে কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কয়েকটি সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমন। এতে সাময়িকভাবে দুর্ভোগ কমেছে স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়দের চলাচলের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর উদ্যোগে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুবদি গ্রামের একটি সড়ক এবং ১ নম্বর ওয়ার্ডের ডাঙ্গিপাড়া ও মাতব্বরের মোড় এলাকার কাদাযুক্ত সড়কে ইট, বালি ও সুরকি ফেলে সংস্কার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বৃষ্টির পর এসব সড়কে পানি ও কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়ে। এতে পথচারী, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে জরুরি প্রয়োজনে এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হতো স্থানীয়দের। সম্প্রতি সংস্কারকাজের পর সড়কগুলো দিয়ে চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।
রুবেল মাহমুদ সুমন বলেন, ‘বৃষ্টির সময় সড়কগুলোর বেহাল অবস্থার কারণে এলাকার মানুষ দুর্ভোগে পড়ছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে নিজস্ব অর্থায়নে সামর্থ্য অনুযায়ী সংস্কারের উদ্যোগ নিয়েছি। মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকতে চাই।’
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মাহমুদ সুমন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এর পাশাপাশি তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।