ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজেদুর রহমানের গণসংযোগ ও মতবিনিময়

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

 

মোঃ আমিরুল হক :

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাজধরপুর বাজার এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন অ্যাডভোকেট মোঃ সাজেদুর রহমান ইদ্রিস। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।

অ্যাডভোকেট সাজেদুর রহমান ইদ্রিস ১নং ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে তিনি প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করছেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন।
রাজধরপুর বাজার এলাকায় মতবিনিময়কালে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে একজন যোগ্য জনপ্রতিনিধি প্রয়োজন।

তারা বলেন, নির্বাচনে প্রার্থী হলে সাজেদুর রহমান ইদ্রিসের সঙ্গে থেকে তাকে সহযোগিতা করার বিষয়ে তারা আগ্রহী।

অ্যাডভোকেট মোঃ সাজেদুর রহমান ইদ্রিস বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে তিনি নির্বাচিত হয়ে ইসলামপুর ইউনিয়নের রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন, ইউনিয়ন পরিষদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান। একই সঙ্গে ইউনিয়নের মানুষের নাগরিক সেবা সহজ ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তাই নির্বাচনের আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের কথা শুনছেন এবং তাদের প্রত্যাশা ও সমস্যাগুলো জানার চেষ্টা করছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।