প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৫:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১:৩০ পি.এম
গোয়ালন্দে ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল কান্ডে নির্বাচন কর্মকর্তা বদলি

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নির্বাচন কর্মকর্তা এক প্রবাসীর নিকট থেকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হলে তাকে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসে বদলি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে এক সেবাগ্রহীতার কাছ থেকে খবিরুল আলমের টাকা গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। পরে জেলা নির্বাচন কর্মকর্তা সেক মোহাম্মদ জালালুর রহমান তাঁকে শোকজ করে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলেন। খবিরুল আলম গতকাল মঙ্গলবার শোকজের জবাব জেলা কার্যালয়ে জমা দেন। জেলা নির্বাচন কর্মকর্তা জবাবসহ প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠান।
গত ১০ সেপ্টেম্বর নতুন ভোটার আইডি কার্ডের জন্য গোয়ালন্দ উপজেলা নির্বাচন কার্যালয়ে যান বাহরাইনপ্রবাসী উপজেলার উজানচরের বাসিন্দা রাসেল মোল্লা। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা খবিরুল আলম এ কাজের জন্য পাঁচ হাজার টাকা ঘুষ দাবি করেন। এ সময় অনেক আকুতি-মিনতি করে তাঁকে দুই হাজার টাকা দেন রাসেল মোল্লা। এ সময় তিনি কৌশলে টাকা প্রদানের ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেন।
বাহরাইন প্রবাসী রাসেল মোল্লা বলেন, ‘আমি ব্রেন টিউমারে অসুস্থ ছিলাম। নির্বাচন কর্মকর্তাকে বলার পরও তিনি নানা অজুহাতে আমাকে তিন-চার দিন অফিসে ঘুরান। পরে টাকা দেওয়ার পর তিনি আমার জাতীয় পরিচয়পত্র কার্ড করে দেন। শুধু আমি নই, এ অফিসে টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না। টাকা না দিলে অফিসের অন্যরাও দুর্ব্যবহার করেন।
অভিযোগ রয়েছে, দালাল চক্রের সঙ্গে স্থানীয় কয়েকটি কম্পিউটার দোকানদার জড়িত। তাঁদের হাতে টাকা দিলেই মুহূর্তের মধ্যে পৌঁছে যায় নির্বাচন কর্মকর্তার কাছে। নতুন জাতীয় পরিচয়পত্র করে দেওয়া, নামের ভুল বানান সংশোধন করা, বাবা ও মায়ের নাম সংশোধন করাসহ যাবতীয় কাজ খুব সহজে হয়ে যায়। একেকটি কাজে তাঁরা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে অর্ধলক্ষাধিক টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা খবিরুল আলম বলেন, ‘আমার বিরুদ্ধে তদন্ত চলছে, তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।’
জেলা নির্বাচন কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দীন জানান, ঘুস গ্রহণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাকে শোকজ করা হয়। জবাব পাওয়ার পর তা কমিশন সচিবালয়ে পাঠানো হলে প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ঝিনাইদহে বদলি করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পূর্ণাঙ্গ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন