
মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ও বহরপুর ইউনিয়ন নির্মাণ শ্রমিক অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
বহরপুর ইউনিয়ন নির্মাণ শ্রমিক অ্যাসোসিয়েশন ও ইসলামপুর ইউনিয়ন নির্মাণ শ্রমিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ খেলায় নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি)দের নিয়ে গঠিত ছয়টি দল অংশ নেয়। সকাল সাড়ে ৮টা থেকে নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত খেলায় হেলাল ফুটবল একাদশ, রবিউল ফুটবল একাদশ, সুমন ও কাকন ফুটবল একাদশ, মাসুদ ফুটবল একাদশ, দেলোয়ার ফুটবল একাদশ ও নাসির ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে।
দিনব্যাপী টানটান উত্তেজনাপূর্ণ খেলা শেষে বিকেল ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় মাসুদ ফুটবল একাদশ ও রবিউল ফুটবল একাদশ একটি ফুটবল একাদশ।
নির্ধারিত সময়ে গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়ে ট্রাইবেকার গড়ায়। পরে ট্রাইবেকারে ১-০ গোলে মাসুদ ফুটবল একাদশে পরাজিত রবিউল ফুটবল একাদশ চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন রেফারি নাজমুল হাসান। তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন খায়রুল ইসলাম ও মিঠুন। উপস্থিত ছিলেন, আলী মনছুর খান, ইজাজুল হক মুনা, কাজী পনির, সিরাজুর রহমান ঝন্টু, শাহিদুল ইসলাম মাষ্টার সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
টুর্ণামেন্টে স্পন্সরের দায়িত্ব পালন করেন আবুল খায়ের স্টিল, ওয়ান স্টার ও আকিজ গ্রুপের রাজবাড়ী অঞ্চলের পরিবেশক এবং বহরপুর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স আরাফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ হারুন।
আয়োজক সংগঠনের সভাপতি হুসাইন মন্ডল বলেন, “নির্মাণ শ্রমিকরা সারাবছর কঠোর পরিশ্রম করে মানুষের ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের কর্মব্যস্ত জীবনে আনন্দ ও বিনোদনের সুযোগ খুবই সীমিত। শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ প্রীতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।”
সাধারণ সম্পাদক বাচ্চু শেখ বলেন, “খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই পেশার শ্রমিকদের মধ্যে সম্প্রীতি বাড়াতে এই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে। নির্মাণ শ্রমিকদের পাশাপাশি এলাকার তরুণদেরও খেলাধুলার প্রতি উৎসাহিত করতে আমরা নিয়মিত এমন আয়োজন করতে চাই।”
টুর্ণামেন্টের স্পন্সর আকিজ গ্রুপ, আবুল খায়ের ষ্টিল ও ওয়ান ষ্টার পরিবেশক এবং আরাফাত ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ হারুন বলেন, “নির্মাণ শ্রমিকরা আমাদের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তাদের শ্রম ও ঘামের ওপর এলাকার উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ অনেকাংশে নির্ভরশীল। তাদের বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির জন্য এমন একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে পাশে থাকার চেষ্টা করব।”
খেলা দেখতে সকাল থেকেই মাঠে ভিড় করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনব্যাপী খেলাকে ঘিরে বাড়াদী রেলওয়ে ফুটবল মাঠ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
