সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্য রাত সোয়া ১ টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪। এটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করতো।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে বাসটি দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করা ছিল। রাত ১ টার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে অগ্নিকান্ডে বাসটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটিও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। আবার বাসের ভেতরে থাকা কয়েল থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে এসব ধারণার পক্ষে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, পতিত সরকারের নাশকতার অংশ হিসেবে এটা করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম বলেন, ঘটনার ঘটার সাথে সাথে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ-সময় তারা আশেপাশের অন্যান্য বাস সরিয়ে ফেলে। বাসটির দরজা তালাবদ্ধ ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দরজা ভেঙে আগুন নেভায়। বাসের ভিতর কেউ ছিল না তাই ভিতর থেকে আগুন লাগেনি। দরজা দিয়ে কেউ ভিতরে আগুন ভিতরে ফেলে দিতে পারে বলে তিনি জানান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন