স্টাফ রিপোর্টার : বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতায় রাজবাড়ীতে চ্যাম্পিয়ন হয়েছে খানখানাপুর তমিজউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্স আপ হয়েছে রাজধরপুর উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের দলনেতা নুসরাত জাহান। বুধবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার আটটি দল অংশগ্রহণ করে।
সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। উদ্বোধনী পর্বে বক্তৃতা করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সহ সভাপতি ডা. রাজীব দে সরকার, সাধারণ সম্পাদক মানিক হোসেন।
বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ। বক্তৃতা করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, রাজবাড়ী সুহৃদ সমাবেশের উপদেষ্টা কমল কান্তি সরকার, অপূর্ব কুমার দাস, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল, আরডিএর সভাপতি ফারুক উদ্দিন প্রমুখ। উভয় পর্বে সভাপতিত্ব করেন রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব। সঞ্চালনা করেন সহ সভাপতি রবিউল রবি ও কার্যনির্বাহী সদস্য মোনালিসা।
উদ্বোধনী ও সমাপনী পর্বে বক্তারা বলেন, বিতর্ক মননে বিশুদ্ধ চিন্তার উদ্ভব ঘটায়। একই সঙ্গে অন্যের কথা শোনার আগ্রহ তৈরি করে, ধৈর্য্য তৈরি করে, গণতান্ত্রিক মনোভাব সৃষ্টি করে। আমাদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা আছে। বিতর্ক চর্চা আমাদের অসহিষ্ণুতা দূর করতে সাহায্য করে। একজন বিতার্র্কিক মননে মানসিকতায় অনন্য ব্যক্তিত্বের অধিকারী হয়ে গড়ে ওঠে।
বক্তারা আরও বলেন, আমাদের সমন্বিতভাবে বাঁচার লক্ষ্য হওয়া উচিৎ। একটি জায়গায় আটকে থাকলে হবেনা। সবকিছুতে পারদর্শী হবে। মানুষের মত মানুষ হতে হবে। বিতর্ক আমাদের সেই পথ তৈরি করে দেয়। এজন্য বিতর্ক চর্চা অব্যাহত রাখতে হবে। বিতর্ক চর্চা যে করবে তাকে অনেক কিছুই জানতে হয়। এজন্যই সে অন্য মানুষদের আলাদা এবং অনন্য।
দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রাজবাড়ী সরকারি কলেজের প্রভাষক সুরজিৎ চক্রবর্তী, স্কুল শিক্ষক ওলিউল আজম তৈমুর, স্কুল শিক্ষিকা সেলিনা বিলকিস, স্কুল শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক সুমন বিশ্বাস, বিশ্ববিদ্যালয় ছাত্র নাহিয়ান, বিশ্ববিদ্যালয় ছাত্র আবীর, বিশ্ববিদ্যালয় ছাত্র ফেরদৌস প্রমুখ।
বিতর্কে অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় ও সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট গোয়ালন্দ।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন