সারুটিয়ার উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস : উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি স্থানীয়দের সঙ্গে মতবিনিময়

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

মোঃ আমিরুল হক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সারুটিয়া গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ সাজেদুর রহমান ইদ্রিসের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এ বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় করেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটে সারুটিয়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে এলাকার নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ সাজেদুর রহমান ইদ্রিস বলেন, নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পেলে ইসলামপুর ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের উন্নয়নে কাজ করার চেষ্টা করবেন। সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ইউনিয়নের উন্নয়ন শুধু নির্দিষ্ট কোনো এলাকার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিটি গ্রামের মানুষের প্রয়োজন ও মতামতের ভিত্তিতে কাজ করতে চান। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে এলাকার সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে ভূমিকা রাখার কথাও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, উঠান বৈঠকের মাধ্যমে প্রার্থীরা সরাসরি সাধারণ মানুষের কাছে এসে তাদের কথা শোনার সুযোগ পাচ্ছেন। এতে এলাকার বিভিন্ন সমস্যা ও মানুষের প্রত্যাশার বিষয়গুলো প্রার্থীদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।