স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর বেনীনগর কালিতলা পদ্মা নদীর তীরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে এক বিশাল সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার।
তিনি জানান, জাতীয় সম্পদ ইলিশের প্রজনন সুরক্ষায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন পদ্মা নদীসহ সারাদেশে মা ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী কৃষকদলের নেতা মোঃ তোজাম্মেল হোসেন তোজাম এবং মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ ইদ্রিস খান।
বক্তারা বলেন, মা ইলিশ রক্ষা পেলে নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে, যা চূড়ান্তভাবে মৎস্যজীবীদেরই জীবন-জীবিকার মানোন্নয়ন করবে। তাই সরকারি নিষেধাজ্ঞা চলাকালে সকল মৎস্যজীবীকে প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
একই সাথে নিষেধাজ্ঞা পালনকালীন সময়ে নিবন্ধিত জেলেদের সরকারি সহায়তা ও খাদ্য সামগ্রী সঠিকভাবে পৌঁছানোর আশ্বাস প্রদান করা হয়। সচেতনতা সভায় স্থানীয় কালিতলা ও আশপাশের এলাকার শত শত মৎস্যজীবী ও আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন