স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দির ঐতিহ্যবাহী নলিয়া ফুটবল মাঠে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে নলিয়া যুবসমাজের আয়োজনে বিভিন্ন জেলার আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ। একসময় ভারতের কলকাতার ইস্ট বেঙ্গল ও মোহনবাগান ক্লাবের খেলোয়াড়দের স্মৃতিবিজড়িত এই মাঠ দুপুরের পর থেকেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আবু সাব্বির খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিজানুর রহমান, রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মীর মনিরুজ্জামান বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল শেখ, জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়নাল হক দেওয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ ইসহাক মোল্লাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আবু সাব্বির খান বলেন, ‘আমাদের মাঠ থেকে খেলাধুলা উঠে গেছে। এই মাঠে একসময় ৩২ দলের খেলা হয়েছে। খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ায় সমাজের কার্যক্রমও ভিন্ন পথে চলে গেছে। অনেক মানুষ অসৎ পথে চলে গেছেন। যুবকেরা যেন সৎ পথে ফিরে আসেন এবং আবারও খেলার মাঠে ফেরেন, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।’
উদ্বোধনী ম্যাচে রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া ফুটবল একাদশ ১-০ গোলে পাংশা ফুটবল একাদশকে পরাজিত করে। প্রতি শুক্রবার বিকেলে নলিয়া মাঠে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে। নকআউট পর্ব শেষে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন