সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অনুমোদন-লাইসেন্স ছাড়া পোল্ট্রি ফিড ও পশুখাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) উপজেলার উজানচর ইউনিয়নের অন্তর্গত মরা পদ্মা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান। এ সময় প্রসিকিউশন করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন। অভিযানে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সহযোগিতা করে।
এসময় লাইসেন্স ব্যাতিত পশুখাদ্য বিক্রির দায়ে 'মের্সাস জান্নাতি পোল্ট্রি ও ফিডস' নামক একটি প্রতিষ্ঠানকে মৎস খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ২০ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন হাটবাজারে লাইসেন্সবিহীন অনেক দোকান গড়ে উঠেছে, যেখানে ক্ষতিকর প্রাণী খাদ্য ও ওষুধ বিক্রি হচ্ছে। এদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান বলেন, জনস্বার্থে অবৈধ দখল প্রতিরোধ এবং অনুমোদন ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন