মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্ত্রী ও সন্তানকে রেখে দীর্ঘ প্রায় পাঁচ বছর পলাতক থাকার পর মোঃ নাইমুর রহমান (৩০) নামে এক মামলার আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গত ৩ অক্টোবর মানিকগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বালিয়াকান্দি থানা পুলিশ। গ্রেপ্তার নাইমুর রহমান বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাউনার গ্রামের মোঃ বক্কার মোল্লার ছেলে।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ অক্টোবর পারিবারিকভাবে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আব্দুল করিম গাজীর মেয়ে রিমা আক্তার (২৬)-এর সঙ্গে নাইমুর রহমানের বিয়ে হয়। তাদের সংসারে রিজওয়ান (৮) নামে এক ছেলে সন্তান রয়েছে।
রিমা আক্তারের অভিযোগ, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি স্ত্রী ও সন্তানকে বাড়িতে রেখে নাইমুর রহমান চলে যান। এরপর তিনি আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি। স্বামীর সন্ধান না পেয়ে রিমা আক্তার বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় এবং স্বামীর পরিবারের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার অভিযোগে পরবর্তীতে তিনি আদালতের আশ্রয় নেন।
এ ঘটনায় ২০২৩ সালের ১৭ মে রাজবাড়ী জজ কোর্টে মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ২৯/২০২৩। মামলার শুনানিতে নাইমুর রহমান ও তার পরিবারের পক্ষ থেকে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
এরপর দীর্ঘদিন পলাতক থাকা নাইমুর রহমানকে গ্রেপ্তারে পুলিশ অনুসন্ধান চালিয়ে আসছিল। সর্বশেষ গত ৩ অক্টোবর মানিকগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বালিয়াকান্দি থানা পুলিশ।
রিমা আক্তার বলেন, দীর্ঘদিন স্বামীর কোনো সন্ধান না পাওয়ায় তিনি ও তার সন্তান নানা সমস্যার মধ্যে দিন কাটিয়েছেন। এখন তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও দীর্ঘদিনের ক্ষতির ন্যায্য প্রতিকার চান।
বালিয়াকান্দি থানা পুলিশ জানিয়েছে, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই নাইমুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে প্রেরন করা হয়েছে।
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর নাইমুর রহমান গ্রেপ্তার হওয়ায় মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া নিয়ে তার স্ত্রী ও পরিবার আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন