স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জেলার পাঁচজন গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কল্যাণ চোধরী। এ সময় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তবিবুর রহমান, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি চৌধুরী আহসানুল করিম, জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব এবং ডা. এ ওয়াহিদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মজিদ বিশ্বাসসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, একসময় শিক্ষা অঙ্গনে ভীতিকর পরিবেশ ছিল। এখন মোটিভেশনের যুগ। বর্তমান বাজারদরের তুলনায় শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, তা যথেষ্ট নয়। সরকার এ বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে এবং শিক্ষকদের জীবনমান উন্নয়নে কাজ করছে। শিক্ষকতা একটি মহৎ পেশা। সবকিছুর ঊর্ধ্বে উঠে শিক্ষকদের দায়িত্ব পালন করে যেতে হবে।
আলোচনা সভা শেষে তিনটি ক্যাটাগরিতে জেলা পর্যায়ের পাঁচজন গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকরা হলেন, কলেজ পর্যায়ে কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ আবদুল হামিদ খান, মাধ্যমিক পর্যায়ে জেলা শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, প্রাথমিক পর্যায়ে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া ইসলাম, সদর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মোস্তফা ও পাংশা উপজেলার পারডেমনামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা জাকিয়া।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন