আদম আলী : রাজবাড়ীর কালুখালীতে স্বাস্থ্যসেবা বিধিমালা লঙ্ঘন ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করার অপরাধে দু’টি ডায়াগণস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। একই সাথে প্রতিষ্ঠান দু’টির সকল ধরনের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষামূলক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। মোবাইল কোর্টে কালুখালী মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা ও সালেহা সামাদ হেলথ সার্ভিসেস এন্ড ডায়াগণস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে কালুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন ও কালুখালী থানা পুলিশের একটি টিম।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কালুখালী এলাকার ওই ডায়াগণস্টিক সেন্টার দু’টির কোনো বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই এক্স-রে, প্যাথলজিক্যাল টেস্টসহ বিভিন্ন চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে আকস্মিক অভিযান চালায় মোবাইল কোর্ট। পরিদর্শনকালে ল্যাবের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ, দক্ষ টেকনিশিয়ান ছাড়াই পরীক্ষা-নিরীক্ষা করার মতো মারাত্মক সব অনিয়ম হাতেনাতে ধরা পড়ে।
সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে এবং লাইসেন্সবিহীন অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করায় ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ’ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সাথে জনস্বার্থে তাদের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করার আগে তারা পুনরায় কার্যক্রম শুরু করতে পারবে না বলেও আদালতের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ডায়াগণস্টিক সেন্টার দুটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। খবর পেয়ে আমরা সেখানে যাওয়ার পর মোবাইল কোর্টের বিচারক ডায়াগণস্টিক সেন্টার দুটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এলাকা জুড়ে সকল অবৈধ ও মানহীন ক্লিনিক-ডায়াগণস্টিক সেন্টারের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন