স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দীতে জমি ও সামাজিক বিষয় নিয়ে পূর্ব শত্রুতা এবং চুরি-মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ছাগল ব্যবসায়ী ও তার ছেলেকে ইট দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
গত সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে জামালপুর ইউনিয়নের বিল মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ছাগল ব্যবসায়ী মোঃ সিরাজ মিয়া (৫২) বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, শামিম মিয়া (৪৫), মামনি বেগম (৩৫) ও জুনায়েদ মিয়া (১৬)। তারা সবাই উপজেলার বিল মাগুরা গ্রামের বাসিন্দা ও বাদীর প্রতিবেশী।
অভিযোগ সূত্রে জানা যায়, শামিম মিয়ার বিরুদ্ধে এলাকায় চুরি ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। কিছুদিন পূর্বে এলাকায় ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ার পর বাদী বা তার পরিবার পক্ষে কথা না বলায় তাদের ওপর ক্ষিপ্ত হয় এবং প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার দিন দুপুরে সিরাজ মিয়া বানিবহ হাটে ছাগল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে ৭৫ হাজার টাকা নিয়ে বের হন এবং বাড়ির পাশের মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে ফেরার পথে বিবাদীরা তার পথ আটকে দাঁড়ায়। শামিম মিয়া, সিরাজ মিয়ার জামার কলার ধরে গালিগালাজ করে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা তাকে ধরে রাখে এবং শামিম মিয়া তার মাথায় ইট দিয়ে সজোরে আঘাত করে। এতে সিরাজ মিয়া রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে জ্ঞান ফিরে তিনি দেখতে পান তার ছোট ছেলে মোঃ সাগর মিয়াকে (১৮) কে বিবাদীরা পিটিয়ে তারও মাথা ফাটিয়ে দিয়েছে। এ সময় ছাগল কেনার জন্য সাথে থাকা ৭৫ হাজার টাকা বিবাদীরা ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় সিরাজ মিয়ার পরিবার ও পুত্রবধূকে প্রাণনাশের হুমকি দেয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে ভূক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে বালিয়াকান্দি থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির সত্যতা যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন