মো: আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর মোঃ রজব মোল্লা (৩৮) নামে এক ভ্যানচালক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ রজব মোল্লা উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মৃত শাহজাহান মোল্লার ছেলে।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সকালেও যাত্রী পরিবহনের উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন রজব মোল্লা। সাধারণত তিনি দুপুর ২টার মধ্যে বাড়িতে ফিরে গোসল ও খাওয়াদাওয়া শেষে আবার ভ্যান নিয়ে বের হতেন। তবে ওই দিন দুপুর ২টার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ নিতে শুরু করেন।
পরে বিকেল ৪টার দিকে তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি স্বজনেরা।
পরিবারের সদস্যরা বলেন, রজব মোল্লার ভ্যান চালানোর আয়ের ওপরই পরিবারের ভরণপোষণ নির্ভরশীল। প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। তাঁকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
পরিবার সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় এখনো বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে বিষয়টি থানাকে জানানো হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি রজব মোল্লার সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তাঁর সন্ধান পেলে পরিবারের দেওয়া যোগাযোগ নম্বরে তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন স্বজনেরা।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন