
মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, পারিবারিক সহিংসতা এবং মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা কার্যালয় সংলগ্ন উঠানে এই আয়োজনটি করা হয়।
সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির সভানেত্রী নাসিমা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জঙ্গল ইউনিয়ন পরিষদ সাবেক সংরক্ষিত মহিলা সদস্য রেহানা পারভীন, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার সাধারণ সম্পাদিকা তানিয়া বেগম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকাররম হোসেন। এ সময় সংগঠনটির সদস্য ও সদস্যারা বক্তব্য দেন।
বক্তারা বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, পারিবারিক সহিংসতা এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসব সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি নারী ও শিশুর অধিকার সুরক্ষা এবং একটি নিরাপদ, সুস্থ ও সচেতন সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপু অবস্থিত সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা এ ধরনের বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করে থাকেন।
