এস, কে পাল সমীর : ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে রেড ক্রিসেন্ট সারা দেশে কাজ করছে। এরই অংশ হিসেবে রাজবাড়ী জেলার হাসপাতালগুলোর আশপাশে, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার যেসব স্থানে মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
তিনি বলেন, রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার হাসপাতালগুলোতে রেড ক্রিসেন্টের যুব ইউনিটের সদস্যদের নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হাসপাতালের বাইরের যেসব স্থানে ময়লা-আবর্জনা জমে থাকে এবং ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তারের আশঙ্কা থাকে, সেসব স্থান পরিষ্কারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আব্দুস সালাম মিয়া আরও বলেন, আগামীতে কোন নির্দেশনা থাকুক আর না থাকুক, আমরা রাজবাড়ী রেড ক্রিসেন্ট প্রতি মাসেই একবার করে, প্রতিটা হাসপাতালের ড্রেন যাতে ক্লিন থাকে, সে ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা করব। আমরা আমাদের কাজের ধারাবাহিকতা রক্ষা করব, বিশেষ করে সুন্দর একটা দেশ গড়ার জন্য, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ডেঙ্গুমুক্ত দেশ গড়ার জন্য। আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করব।
পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গিয়াস উদ্দিন খান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট মোঃ নজরুল ইসলাম। এ সময় রেড ক্রিসেন্টের যুব ইউনিটের সদস্যরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন