স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক সম্রাজ্ঞী মৌসুমী আক্তার (২৯) কে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটার মৃত জামাল শেখের মেয়ে। অভিযানকালে তাঁর কাছ থেকে ১০ লক্ষ টাকা মূল্যমানের ১০০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৬ লক্ষ টাকা জব্দ করা হয়।
বুধবার দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলীর নেতৃত্বে পোড়াভিটায় অভিযান পরিচালনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়ার চিহ্নিত মাদকপ্রবণ এলাকা পোড়াভিটায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসির একটি চৌকস দল মৌসুমী আক্তারের আস্তানায় হানা দিয়ে তাঁকে হাতেনাতে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে অবৈধ ১০০ গ্রাম হেরোইন এবং নগদ ৬লক্ষ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মৌসুমী আক্তার দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ঘাট ও পোড়াভিটা এলাকায় বড় ধরনের মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে রাজবাড়ী ও দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী বলেন, মৌসুমী আক্তার ওই অঞ্চলের একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। জব্দকৃত নগদ ৬ লাখ টাকা মাদক বিক্রির লভ্যাংশ বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এই ঘটনায় গ্রেপ্তারকৃত মৌসুমী আক্তারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের এ বিশাল চালানের উৎস এবং এর সাথে জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন