
মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে বালিয়াকান্দি উপজেলা চত্বরে সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টা ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ-এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ বছরের দিবসের প্রতিপাদ্য ছিল “ই-সিগারেট, ডেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন, শিশু ও তরুণদের রক্ষা করুন।” নতুন প্রজন্মকে নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা এবং তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমন্বিত প্রমীলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকাররম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাসেডের নির্বাহী পরিচালক মোহাঃ শাহজাহান সিদ্দিক, ব্র্যাক বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, আশা বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক, দিশা বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক আরিফ শেখ, বিজ বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, এডিপি রাজবাড়ীর প্রশাসনিক কর্মকর্তা মানিক ঘোষ এবং গাক বালিয়াকান্দি শাখার ব্যবস্থাপক আবির রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
কর্মসূচিতে শিশু ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এসব পণ্যের ব্যবহার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
