স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় খুদে গণিতবিদ ও বিজ্ঞান অলিম্পিয়াডে অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খুদে শিক্ষার্থী মুনতাছির আবির নিবির। এ অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আগামী ১৮ ডিসেম্বর দক্ষিণ কোরিয়া যাওয়ার গৌরব অর্জন করেছে। নিবির বালিয়াকান্দি উপজেলার নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা গ্রামের মোঃ আসাদুজ্জামান ও নারুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন বেগমের ছেলে।
সম্প্রতি এমএফএইচ সায়েন্স ক্লাব আয়োজিত জাতীয় অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে মেধার স্বাক্ষর রেখে সে এ অনন্য সুযোগটি লুফে নেয়। অলিম্পিয়াডের 'ন্যাশনাল রাউন্ড' শেষে তার হাতে জাতীয় পর্যায়ের সনদ ও মেডেল তুলে দেওয়া হয়। তার এ বিশ্বজয়ের সুযোগে উচ্ছ্বসিত পুরো রাজবাড়ীবাসীসহ তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা।
নিবির জানায়, আগামী বিজ্ঞান অলিম্পিয়াডে চাঞ্চ পেয়েছি। আগামী ১৮ ডিসেম্বর সাউথ কোরিয়া যাবো। আমি বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই যেন আমি বিশে^র বুকে বাংলাদেশের নাম পরিচিত করতে পারি।
নিবিরের মা সহকারী শিক্ষিকা নাসরিন বেগম বলেন, আমি খুবই খুশি। আমার ছেলে এতো ছোট বয়সে এ ধরণের একটি অর্জন করেছে। আমি আল্লাহর নিকট শুকরিয়া জানাই। এখন ছোট ছেলে-মেয়েরা মোবাইলে আকর্ষণ বেশি, কিন্তু আমার ছেলে মোবাইল দেখলেও বিজ্ঞান মনষ্ক কার্টুন দেখে। ওর সাফল্য কামনা করছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার বলেন, নিবির অত্যন্ত প্রতিভাবান ও কৌতূহলী একজন ছাত্র। গণিত ও বিজ্ঞানের জটিল সমস্যাগুলো সে বেশ আনন্দের সাথে সমাধান করতে পারে। তার এই আন্তর্জাতিক অর্জন দেশের প্রাথমিক শিক্ষার জন্য একটি বড় অনুপ্রেরণা। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিয়ে নিবির দেশের জন্য আরও বড় গৌরব বয়ে আনবে এমনটাই প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন