মোঃ আমিরুল হক : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিম্ন আয়ের আদিবাসী পরিবারের নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছেন বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন বহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রুবেল মাহমুদ সুমন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিমতলা মন্দির প্রাঙ্গণে আদিবাসী পরিবারের সদস্যদের হাতে শারদীয় দুর্গাপূজার উপহার হিসেবে এসব শাড়ি তুলে দেন তিনি।
পূজার আগে উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগে উৎসবের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়।
উপহার পেয়ে পরিমল কুমার সরকার আবেগাপ্লুত হয়ে বলেন, “এই উপহার আমাদের পূজার আনন্দ অনেকটা বাড়িয়ে দেবে। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য এমন সহযোগিতা অনেক বড় পাওয়া। রুবেল মাহমুদ সুমনকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।”
ভারতী সরকার মায়া বলেন, “দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পূজার আগে নতুন শাড়ি উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত। এমন উদ্যোগ আমাদের উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।”
দীপালী (৬০) বলেন, “আমাদের মতো সাধারণ পরিবারের মানুষের পক্ষে সব সময় নতুন কাপড় কেনা সম্ভব হয় না। পূজার আগে শাড়ি পেয়ে খুব ভালো লাগছে। আমরা চাই, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যেন অসহায় মানুষের পাশে এভাবেই এগিয়ে আসেন।”
পপি সরকার বলেন, “ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার। পূজার আগে আমাদের কথা মনে রেখে উপহার দেওয়ায় আমরা কৃতজ্ঞ। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করবে।”
শাড়ি বিতরণকালে রুবেল মাহমুদ সুমন বলেন, “দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছায়, সেটিই আমার প্রত্যাশা। সমাজের নিম্ন আয়ের ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমি সব সময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে সাধ্যমতো কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “আমাদের সমাজে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। সবাই মিলে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহসভাপতি মমতাজ আক্তার তানিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জিত কুমার পাল, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার শীল, রামকৃষ্ণ সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শাড়ি বিতরণের এ উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানান। তাঁদের প্রত্যাশা, এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফুটবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন