সোহেল রানা : দেশজুড়ে চলছে মা ইলিশ সংরক্ষণের ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। তবে সরকারের এ নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজবাড়ীর পদ্মা নদীতে প্রকাশ্য দিবালোকে অবাধে চলছে মা ইলিশ নিধন। প্রশাসনের নিয়মিত টহল ও অভিযানের দাবি সত্ত্বেও এক শ্রেণীর অসাধু জেলে দিনের আলোতেই মেতে উঠেছে রুপালি ইলিশ শিকারের মহোৎসবে।
শুক্রবার সরেজমিনে রাজবাড়ী সদরের মহাদেবপুর, কালিতলা, জৌকুড়া, গোয়ালন্দ, দৌলতদিয়াসহ পদ্মার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে শত শত নৌকা নিয়ে জেলেরা কারেন্ট জাল ও সুতি জাল দিয়ে অবাধে ইলিশ ধরছেন। শুধু মাছ ধরাই নয়, নদীর তীরবর্তী অস্থায়ী চরাঞ্চল ও আশপাশের বাজারগুলোতে সেই মাছ প্রকাশ্যে বিক্রিও করা হচ্ছে। সাধারণ ক্রেতারা কম দামে তাজা ইলিশ কিনতে দূর-দূরান্ত থেকে ভিড় করছেন পদ্মার পাড়ে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জেলে বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি খাদ্য সহায়তা (চাল) হিসেবে যা বরাদ্দ দেওয়া হয়, তা অনেক জেলের ভাগ্যে জোটে না। বিকল্প কোনো জীবিকা না থাকায় পেটের তাগিদে বাধ্য হয়েই তারা জীবনের ঝুঁকি নিয়ে নদীতে নামছেন।
এদিকে প্রশাসনের নজরদারি ও অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে ঝটিকা অভিযান চালিয়ে কিছু জাল বা জেলেকে আটক করা হলেও মূল সিন্ডিকেট ও প্রকাশ্য দিবালোকে এ শিকার কোনোভাবেই বন্ধ হচ্ছে না। জেলেদের শক্তিশালী তথ্য নেটওয়ার্কের কারণে অভিযানের টিম নদীতে নামার আগেই জেলেরা সতর্ক হয়ে পালিয়ে যায়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল উল হক বলেন, মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে নিয়মিত দিন-রাত অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যেই বেশ কিছু জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। তবে পদ্মার বিশাল জলসীমার তুলনায় আমাদের লোকবল ও নৌযানের তীব্র সংকট রয়েছে। যার কারণে শতভাগ নজরদারি নিশ্চিত করা কিছুটা ব্যাহত হচ্ছে।
জাতীয় সম্পদ ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে শুধু লোকদেখানো অভিযান নয়, বরং দুর্গম চরাঞ্চলে নিয়মিত কঠোর টহল, বাজারগুলোতে কঠোর মনিটরিং এবং জেলেদের জন্য প্রকৃত পুনর্বাসন নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন