সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাশ সামাজিক অপরাধ দমনে জনসম্পৃক্ত উদ্যোগ আরও জোরদার করছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম।
শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজকে কেন্দ্র করে তিনি দৌলতদিয়া খানকাহ শরীফ মসজিদে উপস্থিত হয়ে মুসল্লীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
জুমার নামাজের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ওসি মোঃ সফিকুল ইসলাম বলেন, “একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে শুধু পুলিশের উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন সচেতন ও দায়িত্বশীল জনগণের সম্মিলিত অংশগ্রহণ।”
তিনি আরও জানান, মাদকমুক্ত গোয়ালন্দ গড়ার লক্ষ্যে পুলিশ নিরলসভাবে কাজ করছে এবং এ ক্ষেত্রে জনগণের সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। মুসল্লীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, “মাদকসেবী বা কারবারি সম্পর্কে যে কোনো তথ্য গোপনে পুলিশকে জানান—আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
নামাজ শেষে উপস্থিত মুসল্লীদের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে ইউনিয়নভিত্তিক মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত হুমায়ুন রেজা, মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন। স্থানীয়রা ওসির এই জনমুখী উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এ ধরনের কার্যক্রম পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা, সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন