অনুমোদন ছাড়াই চিকিৎসা ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা : কালুখালীতে মনিকা মেডিকেল এন্ড ডায়াগণস্টিক সেন্টার বন্ধ : ৫০ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

আদম আলী : রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে অনুমোদন না থাকায় ‘ডা. মনিকা মেডিকেল কেয়ার এন্ড ডায়াগণস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্র বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে কালুখালী উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বলেন, কালুখালী উপজেলার মৃগী বাজারে অবস্থিত এ মেডিকেল কেয়ার ও ডায়াগণস্টিক সেন্টারটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স ছাড়াই তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এবং চিকিৎসাসেবার মান বজায় রাখতে অনুমোদনহীন ও অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।