প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৫:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৪:৪২ পি.এম
কালুখালীতে বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

আদম আলী : সোমবার ১৯ অক্টোবর রাজবাড়ীর কালুখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, মডেল মসজিদ, পূজা মন্ডপ, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, উন্নয়নমূলক কার্যক্রম দিনব্যাপী পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কালুখালী উপজেলা পরিষদ কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের চিকিৎসা সেবার মান, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সাধারণ মানুষের সরকারি সেবা প্রাপ্তির বিষয়টি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন সহ হাসপাতালের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, "সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে হবে।" এছাড়া তিনি চলমান বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং কাজগুলো স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন।
দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রমে জেলা প্রশাসকের সাথে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রেজাউল করিম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন