স্টাফ রিপোর্টার : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী সদর উপজেলা ও পৌর শহরের বিভিন্ন এলাকার মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও স্থানীয় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মঙ্গলবার তিনি রাজবাড়ী ফেলুর দোকান এলাকাসহ রাজবাড়ী সদর উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দির ও মণ্ডপগুলো ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করে আসছেন। বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।" উৎসবের এই আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, তিনি সেই আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মন্দির উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনে সনাতন সম্প্রদায়ের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। তারা সরকারের এই আন্তরিক উদ্যোগকে সাধুবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন