আমি নির্বাচিত হলে জনগনের অধিকার অগ্রাধিকার নিব ইনশাআল্লাহ : চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আব্দুস সালাম

লেখক:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমার ইউনিয়ন পরিষদ থেকে যে সকল সুবিধা আছে তা ন্যায্যতার ভিত্তিতে সমবন্ঠন নিশ্চিত করব। একজন চেয়ারম্যান কি করতে পারে,আমি আমাদের এমপি ও উপদেষ্টার মাধ্যমে যা পাব আপনাদের মধ্যে বিলিয়ে দিব ইনশাআল্লাহ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন  প্রত্যাশী ছাত্রদল ও যুবদলের সাবেক নেতা আব্দুস সালাম কর্মী সমাবেশে এসব কথা বলেন।
বৃহস্পতিবার রাতে কলিমহর  ইউনিয়নের কলিমহর কলেজ মাঠে বিশাল কর্মী অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত জনতার উদ্দেশে আব্দুস সালাম বলেন, ‘রাজনৈতিক সুবিধা ভোগ করা নয়, বরং এ এলাকার সন্তান হিসেবে মানুষের প্রতি নৈতিক দায়িত্ব পালন করাই আমার মূল উদ্দেশ্য। এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে। বিএনপির একজন কর্মী হিসেবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করে যাব।’
বিএনপির নির্বাচনী পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং কৃষকদের সহায়তার মতো বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরেন। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষ ও কৃষক পরিবার উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়নে মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করা প্রয়োজন। মানুষের সমস্যা চিহ্নিত করে স্থানীয় বাসিন্দাদের মতামত ও সহযোগিতার ভিত্তিতে উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম আরও বলেন, জনগণের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণ এবং কলিমহর ইউনিয়নকে একটি উন্নত ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে তিনি কাজ করতে চান।
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মতামত তুলে ধরেন।
এর আগে গোপালপুর হাইস্কুল মাঠ থেকে কয়েকশত ভ্যান ও মোটর সাইকেলের বিশাল শোভাযাত্রা নিয়ে কর্মীসমাবেশে নেতাকর্মী নিয়ে যোগদান করেন। কর্মী সভায় যুবদলের সভাপতি ইমরান হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতারা বক্তব্য রাখেন।
কর্মী সমাবেশে হাজারো নেতাকর্মী কর্মী সভায় উপস্থিত ছিলেন।