থানায় অভিযোগ করে মিলছে না প্রতিকার : কালুখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট-দোকানঘরে জোরপূর্বক তালা

লেখক:
প্রকাশ: ২০ ঘন্টা আগে

কালুখালী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ী ও তার পরিবারকে মারপিট, দোকানঘরে জোরপূর্বক তালা ঝুলিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান প্রতিকার বা আইনি পদক্ষেপ না পাওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর লিখিত অভিযোগে প্রকাশ, গত ২ সেপ্টেম্বর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরনারায়নপুর এলাকায় একটি তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে স্থানীয় প্রভাবশালী আলাউদ্দিন ও তার স্ত্রী আখি দলবল সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তার স্ত্রী আখি আক্তারের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার পরিবারের অন্যান্য সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীরা কেবল মারপিট করেই ক্ষান্ত হয়নি, ভুক্তভোগী ব্যবসায়ীর একমাত্র উপার্জনক্ষম অবলম্বন বাংলাদেশ হাটে অবস্থিত দোকানে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে দোকানটি বন্ধ থাকায় পরিবারটি চরম আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ঘটনার পরপরই কালুখালী থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে ২ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি। পরে আবারো হুমকি দেওয়ার পর গত ২৩ অক্টোবর আরেকটি অভিযোগ দেওয়া হয়েছে কালুখালী থানায়।
অভিযোগে আরো বলা হয়, হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের অভিযোগ তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।”
কালুখালী থানা সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার বিষয়টি সত্য। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে কয়েকবার, একবার শালিস ও হয়েছে বিষয়টি নিয়ে। তদন্ত সাপেক্ষ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে মারধর ও দোকানে তালা দেওয়ার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহল ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।