এস,কে পাল সমীর : রাজবাড়ীর পাংশায় পদ্মা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম জন্ম নেওয়া কন্যাশিশুকে স্বর্ণের উপহার দিয়ে বরণ করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে শিশুটির ১২ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার পারভেজ।
গত ২৩ অক্টোবর পদ্মা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। এ উপলক্ষে ২৫ অক্টোবর বিকেলে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে স্বর্ণের চাঁদ উপহার দিয়ে বরণ করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও কন্যাশিশুর বাবাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় শিশুটির বাবা আল-আমিন বিশ্বাস আনন্দ প্রকাশ করে বলেন, “পদ্মা জেনারেল হাসপাতালে আমার প্রথম কন্যাসন্তানের জন্ম হয়েছে। আজ হাসপাতাল কর্তৃপক্ষ আমার পরিবারকে সম্মান জানিয়েছেন এবং আমার কন্যাকে স্বর্ণের উপহার দিয়ে বরণ করে নিয়েছেন। এতে আমি খুবই আনন্দিত।”
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার পারভেজ বলেন, দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজকের পদ্মা জেনারেল হাসপাতাল। যা গত ২২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পাংশার মানুষকে সু-চিকিৎসা প্রদানের জন্য পুরোদমে চালু হয়েছে। আমাদের হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম জন্ম নেয়া কন্যাশিশুটিকে আমরা আজকে বরণ করে নিলাম। সেইসাথে শিশুটির আগামী ১২ বছর চিকিৎসা সেবা প্রদানেরও দায়িত্ব আমরা নিচ্ছি। আমরা ইতোমধ্যে ঘোষণা দিয়েছি যে, পদ্মা পরিবার ভিক্ষুককে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে। এছাড়াও আমাদের এখানে সড়ক দুর্ঘটনায় সামান্য আঘাতপ্রাপ্তদের প্রাথমিক চিকিৎসা জরুরি বিভাগে ফ্রীতে করা হবে। আমরা পাংশাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন