মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১ নভেম্বর) ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আক্কাস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন, খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম।
সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আক্কাস উদ্দিন চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, এ্যাসেডের পরিচালক শাহজাহান সিদ্দিক, উদ্যোক্তা জাহিদ হোসেন তপু ও তপু রাণী বালা প্রমুখ।
আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গৃহীত উদ্যোগের তথ্য তুলে ধরা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ পর্যন্ত ১ হাজার ১২৮ জনকে ঋণ প্রদান করা হয়েছে। ঋণের পরিমাণ ৪ কোটি টাকারও বেশি। এ ছাড়া ১৯টি নিবন্ধিত প্রতিষ্ঠানের তথ্য উল্লেখ করা হয়। এ্যাসেড প্রকল্পের আওতায় ৭৫ হাজার টাকা অনুদান পাওয়ার বিষয়টিও সভায় তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবকদের দেশের অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে হবে। বেকারত্ব দূরীকরণে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একটি দক্ষ, কর্মক্ষম ও আত্মনির্ভরশীল যুবসমাজই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন