স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা শহরের পান্না চত্বর এলাকায় প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় আমির হোসেন লিটন (৩৫) নামে এক ব্যবসায়ী আহত হওয়ার ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাজবাড়ী সদর থানায় দুই জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হাসেমের ছেলে ও বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর দুপুরে রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা শেষে লিটন তাঁর পরিচিত আহমদ মিয়া ওরফে মুন্সীকে সঙ্গে নিয়ে রিকশাযোগে রাজবাড়ী বড় বাজারের দিকে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে তাঁরা শহরের পান্না চত্বর এলাকায় পৌর নিউ মার্কেটের (ইউ মার্কেট) পাশের ফুচকা পয়েন্টের সামনে পৌঁছালে একটি ইজিবাইকে থাকা কয়েকজন তাঁদের রিকশার পাশে আসে। এ সময় লিটনকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর সঙ্গে থাকা আহমদ মিয়ার বাম হাতের কনুইয়ের নিচে লাগে। পরে ইজিবাইকটি রিকশার সামনে দিয়ে পথরোধ করে আবারও লিটনকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তাঁর ডান হাতের কনুই ও কব্জির মাঝামাঝি স্থানে লাগে। অন্য গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করে। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গুলির ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন