মেহেদী হাসান : পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ী জেলার মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা কমান্ডের আয়োজনে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম বাকাউল, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা ইমরান হোসেন, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ নুরে শামস নওরোজ, অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।
বক্তারা এ সময় পিরোজপুরের মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাঁধা দেওয়ার তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে এমন ঘটনার আর যেন পুনরাবৃদ্দি না হয় সেদিকে প্রশাসনকে দৃষ্টি রাখার অনুরোধ করেন।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফন-কাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব। একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়েও এমন বাধা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
পরে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর বাড়ি পিরোজপুর সদর উপজেলার ৫ নম্বর শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে। গত ২৪ অক্টোবর ২০২৬ তিনি মৃত্যুবরণ করেন। অভিযোগ রয়েছে, তাঁর জানাজা ও দাফন-কাফনে বাঁধা দেওয়া হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এ ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন